মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
উজিরপুর প্রতিনিধি ॥ বরিশালের উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী ধামুরা বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে বন্দরের পূর্ব পাড় বাসস্ট্যান্ড সংলগ্ন একটি টাইলসের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। পরে ফায়ার সার্ভিস কর্মী, পুলিশ সদস্য ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ততক্ষণে পোল্ট্রি ফিডের দোকান, স্টিলের দোকান, ফার্নিচার শোরুম, স্যানিটারি পণ্যের দোকান, টাইলসের দোকান ও ফিশ ফিডের দোকানসহ মোট আটটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মিভূত হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে এবং আর্থিকভাবে তারা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন।
উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিটের বিষয়টি সামনে এসেছে। তবে প্রকৃত কারণ নিশ্চিত হতে বিস্তারিত তদন্ত চলছে।
Leave a Reply