শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ॥ মেহেন্দীগঞ্জে সরকারি মৎস্য দপ্তরের জাটকা বিরোধী অভিযান চলাকালে কর্মরত তিন কর্মচারীর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১২টার দিকে পুরাতন স্টিমারঘাট সংলগ্ন বালুমহাল এলাকায় এ হামলা ঘটে।
ঘটনার সময় মৎস্য দপ্তরের ফিল্ড এসিস্টেন্ট নাজিম উদ্দিন, মো. শামীম ও সিয়াম হোসেন মোটরসাইকেলে করে অভিযানিক দলে যোগ দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে তাদের ওপর প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং পরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শী ও আহতদের অভিযোগ অনুযায়ী, স্থানীয় মোহাম্মদ হোসেন গাজী, আলমগীর সরদার ও জহির মাতুব্বরের নির্দেশে প্রায় ২০–২৫ জনের একটি দল এ হামলা চালায়। হামলার ফলে তিনজনই গুরুতর আহত হন।
হামলাকারীরা সরকারি কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও ব্যাপকভাবে ভাঙচুর করে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা পর্যবেক্ষণে আছেন।
মেহেন্দীগঞ্জ থানার ওসি মো. মোমিন উদ্দিন বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনায় মামলা প্রস্তুত করা হচ্ছে এবং দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
Leave a Reply