বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় সংসদের স্পিকার মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, গণতন্ত্র ছাড়া দেশের মুক্তি বা সমৃদ্ধি কোনোভাবেই সম্ভব নয়। তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে পারলেই দেশের অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করা যাবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোলা সফরের অংশ হিসেবে বরিশাল নগরীর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, গণতন্ত্র জনগণের অংশগ্রহণের মাধ্যমে শক্তিশালী হয়। জনগণের সচেতনতা যত বাড়বে, রাষ্ট্র তত বেশি স্থিতিশীল হবে এবং উন্নয়ন কার্যক্রমও তত দ্রুত এগোবে।
স্পিকার বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জনগণের আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে ছাত্র ও তরুণরা স্বৈরশাসনের বিরুদ্ধে রাজপথে নেমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে। এর মাধ্যমে দেশের রাজনৈতিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে।
তিনি আরও বলেন, দীর্ঘ সময়ের স্বৈরশাসনের পর সাধারণ মানুষ ও ছাত্রদের আন্দোলনের মাধ্যমে মাফিয়া তন্ত্রের অবসান ঘটেছে, যা দেশের জন্য একটি গৌরবময় অর্জন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে গণতান্ত্রিক কাঠামো আরও শক্তিশালী হবে এবং অর্থনৈতিক অগ্রগতি আরও ত্বরান্বিত হবে।
সফরের সময় তিনি বরিশালে তার শৈশবের স্মৃতিচারণ করেন এবং পরে ভোলা জেলার উদ্দেশে যাত্রা করেন। সফরের শুরুতে বরিশাল সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
মতবিনিময়কালে বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান, রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, বরিশাল জেলা প্রশাসক মো: খায়রুল আলম সুমন, ঝালকাঠি জেলা প্রশাসক মো: মমিন উদ্দিন, বরিশালের পুলিশ সুপার এ, জেড, এম মোস্তাফিজুর রহমানসহ, বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply