মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
মুলাদী প্রতিনিধি ॥ মুলাদীতে কুখ্যাত সন্ত্রাসী আব্বাস হাওলাদার গ্রেফতারের পর এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় আব্বাসের ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও মিষ্টি বিতরণ করেন স্থানীয়রা।
মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় থেকে আব্বাস দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের ওপর অত্যাচার চালিয়েছেন। তার ভয়ে অনেকে ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। তিনি এলাকায় ত্রাস সৃষ্টি করে রাজত্ব কায়েম করেছিলেন।
স্থানীয়রা জানান, আব্বাসের পরিবার ভূমিদস্যু ও মাফিয়া হিসেবে এলাকায় পরিচিত। অস্ত্রের ভয় দেখিয়ে জমি দখল, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে মানুষকে জিম্মি করে রেখেছিল। তার গ্রেফতারকে এলাকাবাসী ন্যায় প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।
এ সময় উপস্থিত ছিলেন সালাম হাওলাদার, কামাল হাওলাদার, সাহিন হাওলাদার, সবুজ ব্যাপারী, খালেক খান, লিটন মৃধা, কালাম হাওলাদার, ফাতেমা বেগম প্রমুখ। বক্তারা সেনাবাহিনী ও পুলিশের এ পদক্ষেপকে সাধুবাদ জানান এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এদিকে আব্বাস গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই কাজিরচর ইউনিয়নসহ আশপাশের গ্রামে উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। অনেকেই আনন্দে মিষ্টি বিতরণ করেন।
Leave a Reply