বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:১২ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ইলিশের প্রধান প্রজনন মৌসুম শুরু হচ্ছে ১৪ অক্টোবর। ওইদিন থেকে ২২ দিন সারাদেশে নদী-সাগরে ইলিশসহ সব ধরনের মাছ শিকার বন্ধ থাকবে। কিন্তু সময় ঘনিয়ে এলেও নদীগুলোতে দেখা মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের। এ কারণে হাসি নেই জেলেদের মুখে। ইলিশ শিকারে গিয়েও অনেকে ফিরছে খালি হাতে।
মেঘনা নদীর তীরবর্তী বরিশালের হিজলা উপজেলার বাসিন্দা নুরুল ইসলাম বলেন, ইলিশের ভরা মৌসুম শেষে, প্রজনন মৌসুমের সময় ঘনিয়ে এসেছে। কিন্তু এখন পর্যন্ত নদীতে ইলিশের দেখা মিলছে না। প্রতিদিন মেঘনা, কালাবদরসহ বিভিন্ন নদীতে জাল ফেলছে জেলেরা। কেউ অল্প ইলিশ পাচ্ছে, আবার কেউ একেবারেই পাচ্ছে না।
সুমন নামে আরেক জেলে বলেন, নদীতে মাছ শিকার করতে গিয়ে খরচই উঠছে না। যেসব ইলিশ পাওয়া যাচ্ছে, তা আকারে খুবই ছোট। এভাবে চলতে থাকলে অভাব-অনটনের মুখে পড়তে হবে।
জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, সাগর-নদীর মোহনায় জেলেরা প্রচুর জাল ফেলে রেখেছে, ফলে ওই জাল এড়িয়ে বড় আকারের ইলিশগুলো নদীতে আসতে পারছে না। মাছ শিকারের অবাধ সময় এখন, তাই এ বিষয়ে কোনো পদক্ষেপও নেয়া যাচ্ছে না। তবে প্রধান প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞার সময় এসব জাল সরে গেলে মা ইলিশ নদীতে আসবে। আশা করা যাচ্ছে, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে ইলিশের দেখা মিলবে।
তিনি বলেন, নদীর ইলিশের বেশিরভাগই বরিশাল, ভোলাসহ দক্ষিণাঞ্চলের এই বেল্টে বেশি পাওয়া যায়। কিন্তু এবার তাও পাওয়া যাচ্ছে না। এখন নদীতে কিছু ছোট সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে। এগুলোর বেশিরভাগই পুরুষ। আকারে ছোট হওয়ায় এগুলো সাগর মোহনায় পেতে রাখা জালের ফাঁকা দিয়ে বেরিয়ে নদীতে আসছে। কিন্তু স্ত্রীসহ বড় আকারের ইলিশগুলো ওই জালের ফাঁসে আটকে যাচ্ছে।
এখন সাগরের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বঙ্গোপসাগরে এখন বেশি ইলিশ ধরা পড়ছে চট্টগ্রা) বেল্টে। বরিশাল বিভাগের আওতাধীন বেল্টে ইলিশ ধরা পড়ার সংখ্যাটা কমে গেছে।
এদিকে স্থানীয় খুচরা ও পাইকারি বাজারেও ইলিশের দর কমছে না। বরিশাল নগরের বেসরকারি মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ী মো. ইয়াসিন বলেন, এলসি সাইজের নদীর ইলিশের দাম মণপ্রতি ছিল ২৯-৩০ হাজার টাকা। ফলে এ সাইজের ইলিশ পাইকারি বাজারে ৭০০-৭৫০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। যা ২০ দিন আগেও ৬০০-৬৫০ টাকা।
Leave a Reply