মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক।। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। এদিকে দক্ষিণাঞ্চলের নদ-নদীতে পানি প্রবাহের গতি বেশি থাকায় প্রতিদিনই নগরীর সড়কগুলো থেকে শুরু করে বসতবাড়িতে হাঁটু সমান পানিতে তলিয়ে যাচ্ছে।
শুক্রবার দুপুরের পর থেকে বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল শুরু হয় বলে জানান বরিশালের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক মো. কবির হোসেন।
এরআগে বৈরি আবহাওয়ার কারণে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বরিশালের অভ্যন্তরীণ রুটে সব ধরণের লঞ্চ চলাচল বন্ধ করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
এদিকে দক্ষিনাঞ্চলের নদ-নদীতে পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেশি রয়েছে। ফলে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে অনেক এলাকা। কিছু কিছু এলাকায় প্রবেশ করা পানি বের না হতে পেরে জলাবদ্ধতারও সৃষ্টি হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ হিসেব অনুযায়ি, শুক্রবার সকালে বরিশালের কীর্তনখোলা নদীর পানি বিপদসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।
এছাড়া ভোলা খেয়াঘাট সংলগ্ন তেতুলিয়া নদীর পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার, দৌলতখানের সুরমা-মেঘনা নদীর পানি ৭৯ সেন্টিমিটার, আবুপুরের নওয়াবগঞ্জ নদীর পানি ১১৮ সেন্টিমিটার, পটুয়াখালীর মির্জাগঞ্জের বুড়িশ্বর-পায়রা নদীর পানি ৪৫ সেন্টিমিটার, বরগুনার বিশখালী নদীর পানি ৪৩ সেন্টিমিটার, আমতলীর বুড়িশ্বর-পায়রা নদীর পানি ৩২ সেন্টিমিটার, বেতাগীর বিশখালী নদীর পানি ৪৭ সেন্টিমিটার, পাথরঘাটার বিশখালী নদীর পানি ৪৫ সেন্টিমিটার, উমেদপুরের কচা নদীর পানি ২৯ সেন্টিমিটার ও পিরোজপুরের বলেশ্বর নদীর পানি বিপদসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।
Leave a Reply