মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরী ও বিভাগের বিভিন্ন স্থানে মোবাইলে লুডু খেলা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এ খেলাকে ঘিরে চালু হয়েছে ডিজিটাল জুয়া।
সরেজমিনে দেখা গেছে, নগরীর বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, বস্তি এলাকার অলিতে গলিতে এ ডিজিটাল জুয়া চলছে দিন-রাত। স্মার্টফোনে ‘লুডু কিং’ অ্যাপ ইনস্টল করে জুয়া খেলায় মেতে উঠছে বিভিন্ন বয়স ও শ্রেণিপেশার মানুষ। ১০০-৫০০ টাকা বাজিতে প্রতিটি গেমে ৪-৮ জন অংশ নেয়। কোনো কোনো ক্ষেত্রে টাকার পরিমাণ আরো বেশি হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, এক সময় নিয়মিত বাজিতে ‘লুডু কিং’ খেলতেন। জুয়ায় হেরে শেষ পর্যন্ত আয়ের উৎস মোটরসাইকেলটি বিক্রি করে দিয়েছেন।
বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন বলেন, জুয়ায় সর্বস্ব হারিয়ে অনেকেই নানা ধরনের সামাজিক অপরাধে জড়িয়ে পড়ে। তাই এ ধরনের জুয়া বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া প্রয়োজন।
কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন, এ বিষয়ে আমাদের সজাগ দৃষ্টি রয়েছে। শিগগিরই অভিযান চালানো হবে। জড়িতদের আইনের আওতায় আনা হবে। ডিজিটাল জুয়া পারিবারিকভাবে সচেতনতা বাড়াতে হবে।
Leave a Reply