শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজেদের এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন দুই সম্ভাব্য প্রার্থী। তারা হলেন—কিশোরগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা এবং বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের সম্ভাব্য প্রার্থী ও আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ।
বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে গিয়ে তারা পৃথকভাবে লিখিত আবেদন জমা দেন। কাজী রেহা কবির সিগমা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনসহ সংশ্লিষ্ট কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করে তার আবেদনের বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, নির্বাচনী গণসংযোগ শুরু করার পর থেকেই তিনি ব্যাপক জনসমর্থন পাচ্ছেন। তবে তার এই আইনানুগ কার্যক্রমে বাধা দিতে কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার পুলিশ হয়রানিমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছে বলে অভিযোগ করেন।
সিগমার অভিযোগ অনুযায়ী, ১৬ ডিসেম্বর দিবাগত রাতে তার এক কর্মী মো. কিয়ামত আলীকে গ্রেপ্তার করে ভুয়া মামলায় আদালতে পাঠানো হয়। তিনি বলেন, ওই কর্মীর বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল না এবং তাকে পরিকল্পিতভাবে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে আটক করা হয়েছে। এতে তার নির্বাচনী কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
অন্যদিকে, আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে নিজের নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগের কথা জানান। তিনিও নির্বাচনী মাঠে কাজ করতে গিয়ে সম্ভাব্য ঝুঁকির কথা তুলে ধরেন।
উভয় প্রার্থীই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
Leave a Reply