শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ দীর্ঘ এক দশক পর সাংগঠনিক পুনর্গঠনের লক্ষ্যে জাতীয় কাউন্সিল আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, চলতি বছরেই কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই কাউন্সিলের পর তিনি রাজনীতি থেকে অবসর নিতে চান।
একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, কাউন্সিলের তারিখ নির্ধারণ না হলেও প্রস্তুতি শুরু হয়েছে। প্রথম ধাপে সারাদেশে তৃণমূল পর্যায়ের সম্মেলন সম্পন্ন করা হবে। এরপর জাতীয় কাউন্সিল আয়োজন করা হবে।
দলীয় সূত্র জানায়, প্রায় দশ বছর আগে সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। আন্দোলন-সংগ্রাম, রাজনৈতিক পরিস্থিতি ও সংগঠনগত ব্যস্ততার কারণে নতুন কাউন্সিল আয়োজন দীর্ঘদিন পিছিয়ে ছিল। সাম্প্রতিক নির্বাচন পরবর্তী সময়কে কেন্দ্র করে দলীয় নেতৃত্ব এখন সাংগঠনিক পুনর্গঠনকে অগ্রাধিকার দিচ্ছে। স্থায়ী কমিটির বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তিনি দীর্ঘ সময় রাজনীতিতে সক্রিয় থাকার কারণে শারীরিকভাবে ক্লান্ত বোধ করছেন। বয়স ও অসুস্থতার বিষয় বিবেচনায় নিয়ে আগামী কাউন্সিল পর্যন্ত দায়িত্ব পালন করে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কখনো ব্যক্তিগতভাবে এমন আকাঙ্ক্ষা তার ছিল না। রাজনৈতিক জীবনে দায়িত্ব এসেছে পরিস্থিতির কারণে, ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা থেকে নয়।
রাজনৈতিক জীবনের শুরুতে ১৯৮৬ সালে সরকারি চাকরি থেকে পদত্যাগ করে তিনি সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৮৮ সালে নিরপেক্ষ প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। পরে এরশাদবিরোধী আন্দোলনের সময় বিএনপিতে যোগ দেন এবং ১৯৯২ সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি হন।
Leave a Reply