স্টাফ রিপোর্টার:পিরোজপুরে সন্ত্রাসী হামলায় এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এক দল সন্ত্রাসী তাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে পালিযে যায়। পরে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা আশঙ্কাজনক বিধায় জরুরীভাবে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে ওই দিনই বিকাল ৩টার দিকে সে মারা যায়। নিহত যুবলীগ কর্মী সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত মোকছেদ আলী হাওলাদারের পুত্র মোঃ সাকিল আহমেদ আশিষ (৪০)।
সে ওই ইউনিয়নের যুবলীগ কর্মী ছিল। স্থানীয় যুবলীগ কর্মীরা সাংবাদিকদের জানিয়েছে, জেলা জজ আদালতে একটি মামলায় হাজিরা শেষে বাড়ী ফেরার পথে দুপুর ১২.৩০ টার দিকে কলাখালী-পিরোজপুর সড়কের কৈবর্ত্যখালী নামক স্থানে ১০ থেকে ১৫ জনের একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতারিভাবে কুপিয়ে মারাত্মক জখম করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাকে খুলনা আড়াইশ’ শয্যা হাসপাতালে পাঠান হয়।
পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক সাকিল সরোয়ার জানান, তার অবস্থা এতটাই আশঙ্কাজনক ছিল যে তাকে এখান থেকে দ্রুত খুলনা পাঠানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কলাখালী ইউনিয়ন পরিষদের একজন মেম্বর জানান, আশিষের ওপর কৈবর্ত্যখালী গ্রামের রিপন, মনির, ফাইজুল, রেজাউল, অমি, জামিল ও এনামসহ অন্তত ১০ থেকে ১৫ জনের একটি দল সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে আহত অবস্থায় আশিষ ওই মেম্বারকে জানিয়েছে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক জানান, আশিষ নামের এক যুবককে কতিপয় যুবক কুপিয়েছে শুনেছি। কিন্তু থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি, তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Reporter Name 

















