গলাচিপা প্রতিনিধি॥ পটুয়াখালীর গলাচিপায় শত্রুতার জের ধরে একটি খামারের ৬০০ মুরগি মেরে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার গোলখালী ইউপির বলাযবুনিয়ার ৭ নম্বর ওয়ার্ডের মেহেদী পোলট্রি ফার্মে এ ঘটনা ঘটে।
মেহেদী পোলট্রি ফার্মের মালিক মো. ফেরদৌস চকৌদার বলেন, শুক্রবার রাত ১২টার সময় আমার ফার্মের কাছ থেকে তড়িঘড়ি করে বাড়িতে যাচ্ছিলেন একই এলাকার নূরু শরীফের ছেলে মিলন শরীফ। এ সময় তাকে দাঁড়াতে বললেও কথা না শোনার ভান করে পালিয়ে যান।
তিনি বলেন, বাড়ি এসে স্ত্রীকে নিয়ে পোলট্রি ফার্মে যাই। গিয়ে দেখি গ্যাসের কারণে মুরগিগুলো ছটফট করছে। সকাল হতে না হতেই আমার ৬০০ মুরগি মারা যায়। এ বিষয়ে মামলা করা হবে।
গলাচিপা থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Reporter Name 

















