বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ টানা সাত দিনের ঈদুল ফিতরের ছুটির মধ্যেও রাষ্ট্রীয় কার্যক্রম সচল রাখতে সচিবালয়ে উপস্থিত হয়ে কাজ চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) শবে কদরের সরকারি ছুটির দিনেও সকাল ১১টায় তিনি তার কার্যালয়ে যোগ দেন এবং দিনের কর্মসূচি শুরু করেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আতিকুর রহমান রুমন জানান, ছুটির দিনেও প্রধানমন্ত্রী নিয়মিত অফিস করছেন এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে সময় দিচ্ছেন।
সচিবালয়ে পৌঁছালে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার তাকে অভ্যর্থনা জানান। এদিন প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে দেশের সামগ্রিক পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম এবং ঈদযাত্রা ঘিরে নিরাপত্তা বিষয়ক নানা দিক পর্যালোচনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইলে স্বাক্ষর করেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি মূল্যায়ন করেন। ঈদের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।
এর আগে সোমবার দিনাজপুরে সাহাপাড়া খাল খনন কাজের উদ্বোধনের মাধ্যমে মাঠ পর্যায়েও সক্রিয় ছিলেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষণার পাশাপাশি ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণা এবং ১৭ মার্চ শবে কদরের ছুটি যুক্ত হয়ে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করছেন।
তবে এই দীর্ঘ ছুটির মধ্যেও প্রধানমন্ত্রীর কর্মতৎপরতা রাষ্ট্রীয় কার্যক্রমকে সচল রাখার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
Leave a Reply