রাঙ্গাবালী প্রতিনিধি॥ সাগরে ইলিশ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা অমান্য করায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ৯ জেলে ট্রলারে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত নদ-নদী ও সমুদ্র মোহনায় অভিযান চালিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম এ জরিমানা করেন।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত উপজেলার সোনারচর, তুফানিয়া, আগুনমুখা ও বুড়াগৌরাঙ্গ নদীসহ সমুদ্র মোহনায় অভিযান চালায় কোস্টগার্ড ও মৎস্য বিভাগ।
এ সময় নিষেধাজ্ঞা অমান্যকারী রাঙ্গাবালীসহ বিভিন্ন এলাকার ৯টি জেলে ট্রলার মালিক ও মাঝিকে দুই লাখ বিশ হাজার টাকা জরিমানা করা হয়। আর ট্রলার থেকে উদ্ধার করা ইলিশসহ বিভিন্ন প্রজাতির দুই মণ মাছ ৭ হাজার ২০০ টাকায় নিলামে বিক্রি করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, সমুদ্রে মাছ শিকার শেষে ফেরার পথে এবং সমুদ্রের উদ্দেশ্যে বরফ নিয়ে যাত্রা শুরু করা এই ট্রলার মালিকদের সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ ১৯৮৩ এর আইনে জরিমানা করা হয়।
Reporter Name 

















