শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ ঈদুল ফিতরের ছুটি শেষ হতেই দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে কর্মস্থলে ফেরার ঢল নেমেছে। শনিবার বরিশাল নদী বন্দর ও নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে সকাল থেকেই দেখা যায় কর্মস্থলমুখী মানুষের ভিড়। ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে ফিরতে নৌ ও সড়কপথে যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো।
বরিশাল লঞ্চঘাট এলাকায় সকাল থেকে যাত্রী সমাগম বাড়তে থাকে এবং সন্ধ্যা পর্যন্ত সেখানে উপচে পড়া ভিড় দেখা যায়। কেবিন ও ডেক উভয় শ্রেণিতেই অতিরিক্ত যাত্রী পরিবহন করা হয়। যাত্রীদের চাপ সামাল দিতে কর্তৃপক্ষ অতিরিক্ত জনবল নিয়োগ করেছে।
পরিবহন সূত্র জানায়, প্রতিদিন ৬ থেকে ৭টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছে। স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ বেশি যাত্রী বহন করতে হচ্ছে। আগাম টিকিট না পাওয়ায় অনেকেই বাধ্য হয়ে ডেকে যাত্রা করছেন।
ঢাকাগামী যাত্রী মো. রুবেল নেগাবান বলেন, পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে কর্মস্থলে ফিরছেন তিনি। সড়কপথের ঝুঁকি এড়াতে নৌপথ বেছে নিয়েছেন। অপর এক ব্যবসায়ী যাত্রী জানান, পরিবার নিয়ে ফিরলেও কেবিন না পেয়ে ডেকেই যাত্রা করছেন।
একই চিত্র দেখা গেছে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালেও। সকাল থেকেই বাস কাউন্টারগুলোতে যাত্রীদের দীর্ঘ সারি ছিল। অফিস খোলাকে কেন্দ্র করে সকাল ও বিকেলের ট্রিপগুলোতে চাপ বেশি ছিল।
বরিশাল সদর উপজেলার বাসিন্দা সাইদুল হক জানান, ফেরার সময় টিকিট পাওয়া কঠিন হয়ে পড়েছে। অন্য যাত্রী মাসুদ পারভেজ দীর্ঘ লাইনে অপেক্ষা করে শেষ পর্যন্ত সাকুরা পরিবহনের টিকিট সংগ্রহ করেন।
পরিবহন সংশ্লিষ্টরা বলেন, পদ্মা সেতু চালুর পর সড়কপথ জনপ্রিয় হলেও ঈদের পর ফিরতি যাত্রায় নৌপথেও যাত্রীচাপ বাড়ে। নিরাপদ যাত্রা নিশ্চিত করতে অতিরিক্ত ট্রিপ চালু ও টার্মিনালে নজরদারি জোরদার করা হয়েছে। ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের এই ব্যস্ততা দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আবার সচল করে তুলছে।
Leave a Reply