বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক ॥ নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর নতুন করে আলোচনায় এসেছে পাকিস্তানের সম্ভাব্য বয়কট এবং বাংলাদেশের বিশ্বকাপে ফেরার সম্ভাবনা। গত শনিবার বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে আইসিসি।
এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা বিশ্বকাপ বর্জনের কথাও ভাবছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক শেষে জানান, শুক্রবার অথবা সোমবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তান সরে দাঁড়ালে বাংলাদেশকেই তাদের স্থলাভিষিক্ত করবে আইসিসি। হিন্দুস্তান টাইমসের মতে, বাংলাদেশ ‘এ’ গ্রুপে পাকিস্তানের জায়গা পাবে এবং বিসিবির দাবির ভিত্তিতে সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে।
বর্তমানে পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশকে সেই গ্রুপে অন্তর্ভুক্ত করলে ভেন্যু পরিবর্তনের বড় কোনো জটিলতা থাকবে না বলে মনে করছে আইসিসি।
তবে এই সম্ভাব্য ব্যবস্থাপনা পাকিস্তানের জন্য বিব্রতকর হতে পারে। কারণ, যে দেশের জন্য তারা বিশ্বকাপ বর্জনের কথা ভাবছে, সেই দেশই যদি তাদের স্থলাভিষিক্ত হয়, তবে সেটি তাদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
বিশ্লেষকদের মতে, আইসিসি ইচ্ছাকৃতভাবেই এই বার্তা ছড়িয়ে পাকিস্তানকে সতর্ক করছে, যাতে তারা আবেগের বশে চরম সিদ্ধান্ত না নেয়। সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে।
Leave a Reply