বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের সর্বশেষ ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (১৮ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সামনে তালিকার বিস্তারিত তথ্য তুলে ধরেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তার দেওয়া তথ্যমতে, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।
এর আগে গত ৩ নভেম্বর প্রকাশিত খসড়া তালিকায় ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। সচিব জানান, গত ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ করা নাগরিকদেরই চূড়ান্ত তালিকায় যুক্ত করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী দেশে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।
খসড়া তালিকার তুলনায় পুরুষ ভোটার বেড়েছে ৫৪ হাজার ৫২৫ জন এবং নারী ভোটার বেড়েছে ২৮ হাজার ২৭০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার বেড়েছে ৪ জন। এ বিষয়ে সচিব বলেন, ভোটার তালিকা হালনাগাদের কাজ অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন করা হয়েছে। দেশের প্রতিটি উপজেলা ও সিটির তথ্য যাচাই স্থায়ীভাবে সংরক্ষণ করে তালিকা তৈরি করা হয়েছে।
ইসি জানিয়েছে, এই চূড়ান্ত ভোটার তালিকাই নির্বাচনের সব প্রস্তুতি, ভোট কেন্দ্র নির্ধারণ এবং ভোটার তথ্য বিতরণের কাজে ব্যবহার করা হবে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ সম্পন্ন হয়েছে বলে কমিশন জানায়।
Leave a Reply