শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক ॥ আঞ্চলিক উত্তেজনা প্রশমনে নতুন কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার পরিবেশ তৈরি এবং সংঘাত পরিস্থিতি নিরসনে পাকিস্তানের মধ্যস্থতায় এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার প্রকাশিত এক আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি প্রতিনিধিদল ইতোমধ্যে ইসলামাবাদে অবস্থান করছে এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করছেন। তবে ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের বক্তব্য ও পর্যবেক্ষণ পাকিস্তানের কাছে আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হবে। পাকিস্তান সেই বার্তা সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে পৌঁছে দেওয়ার ভূমিকা পালন করবে।
ইসমাইল বাঘাই আরও জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসলামাবাদ সফরে পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন। এসব আলোচনা মূলত পাকিস্তানের মধ্যস্থতায় চলমান শান্তি উদ্যোগের অংশ।
ইরানের মতে, যুক্তরাষ্ট্রের কারণে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতি বন্ধ করা এবং অঞ্চলে শান্তি পুনঃপ্রতিষ্ঠাই এই কূটনৈতিক উদ্যোগের প্রধান লক্ষ্য। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, সরাসরি সংলাপ না হলেও মধ্যস্থতাকারী রাষ্ট্র হিসেবে পাকিস্তানের ভূমিকা ভবিষ্যৎ আলোচনা এগিয়ে নিতে সহায়ক হতে পারে।
বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে এই ধরনের পরোক্ষ কূটনৈতিক যোগাযোগ সংঘাত এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং আঞ্চলিক স্থিতিশীলতার নতুন পথ তৈরি করতে পারে।
Leave a Reply