শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ দেশগঠন, স্বাধীনতা সংগ্রাম, সংস্কৃতি, বিজ্ঞান, শিক্ষা ও সমাজসেবায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পুরস্কার–২০২৬ আজ প্রদান করা হবে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এবারের স্বাধীনতা পুরস্কারের তালিকায় প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া-কে স্বাধীনতা, গণতন্ত্র ও নারীশিক্ষায় বিশেষ অবদানের জন্য মনোনীত করা হয়েছে। তার রাজনৈতিক জীবন ও রাষ্ট্র পরিচালনায় ভূমিকার স্বীকৃতি হিসেবেই এ সম্মাননা প্রদান করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ব্যক্তিগত পর্যায়ে আরও সম্মাননা পাচ্ছেন মুক্তিযোদ্ধা মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), বিজ্ঞানী অধ্যাপক জহুরুল করিম, সাহিত্যিক আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত, সংগীতশিল্পী বশীর আহমেদ (মরণোত্তর) এবং ক্রীড়াবিদ জোবেরা রহমান লিনু।
সমাজসেবা খাতে সম্মাননা পাচ্ছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর) ও মো. সাইদুল হক। এছাড়া জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান (মরণোত্তর), গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক এম এ রহিম, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে আবদুল মুকিত মজুমদার মনোনীত হয়েছেন। শিক্ষক মাহেরীন চৌধুরীকেও (মরণোত্তর) সম্মাননা দেওয়া হচ্ছে।
প্রতিষ্ঠান বিভাগে সম্মাননা পাচ্ছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্র।
স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ জাতীয় ও রাষ্ট্রীয় পুরস্কার হিসেবে বিবেচিত। ১৯৭৭ সাল থেকে প্রতিবছর স্বাধীনতা দিবস উপলক্ষে এ পুরস্কার দেওয়া হচ্ছে। পুরস্কারপ্রাপ্তরা পাচ্ছেন পাঁচ লাখ টাকা, ৫০ গ্রাম স্বর্ণপদক, পদকের প্রতিরূপ ও একটি সম্মাননাপত্র।
Leave a Reply