শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ দীর্ঘ রমজান ও ঈদুল ফিতরের ছুটিতে পিছিয়ে পড়া পাঠসূচি নির্ধারিত সময়ে শেষ করতে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিশেষ শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। শিখন ঘাটতি কাটাতে সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও পাঠদান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
অধিদপ্তরের জারি করা অফিস আদেশে বলা হয়েছে, রমজান মাসজুড়ে বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় যে ঘাটতি তৈরি হয়েছে তা পূরণে ছুটির পরবর্তী ১০টি শনিবার বিদ্যালয় খোলা রাখতে হবে। ইতোমধ্যে শনিবার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, নির্বাচনকালীন কার্যক্রম, রোজা ও ঈদের ছুটির কারণে বছরের শুরুতে নিয়মিত ক্লাস পরিচালনায় বিঘ্ন ঘটে। ফলে শিক্ষার্থীদের শেখার ধারাবাহিকতা ব্যাহত হয়। এ পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পাঠসূচি সম্পন্ন করতে অতিরিক্ত ক্লাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বলেন, শিক্ষার্থীদের শিক্ষাগত ক্ষতি পূরণ করাই সরকারের প্রধান লক্ষ্য। এজন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তদারকি জোরদার এবং নিয়মিত শ্রেণি কার্যক্রম নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র জানায়, মূলত ৮ মার্চ থেকে ছুটি শুরু হওয়ার কথা থাকলেও আদালতের নির্দেশনার পর ১৯ ফেব্রুয়ারি থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এতে প্রায় ৩৭ দিনের বিরতি তৈরি হয়, যা শিক্ষার্থীদের শেখার ধারায় প্রভাব ফেলে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০ সপ্তাহ প্রাথমিক স্তরে শনিবারের ছুটি স্থগিত থাকবে। তবে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের কোনো নির্দেশনা এখনো দেওয়া হয়নি।
Leave a Reply