মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
ডেস্ক রিপোট ॥ পাঁচবার চেষ্টা করেও লন্ডনে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা বাস্তবায়িত হলো না। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় অবতরণের কথা থাকা কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটি শেষ মুহূর্তে অনুমতি প্রত্যাহারের আবেদন করায় পুরো প্রক্রিয়া থমকে গেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, সোমবার কাতারি পক্ষ থেকে অ্যাম্বুলেন্সের অবতরণ অনুমতি প্রত্যাহারের অনুরোধ আসে। ফলে লন্ডনে তাকে নেওয়ার প্রস্তুতিও স্থগিত হয়ে যায়। এর ফলে টানা পঞ্চমবারের মতো খালেদা জিয়ার চিকিৎসা যাত্রা আটকে গেল।
২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে। পরে ২৭ নভেম্বর তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। দেশের বিশেষজ্ঞদের পাশাপাশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড তার সার্বিক চিকিৎসা পরিচালনা করছে।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ বলেন, “এয়ার অ্যাম্বুলেন্স সবসময় প্রস্তুত ছিল। মেডিকেল বোর্ডের নির্দেশ পেলেই আমরা যেতে প্রস্তুত। খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর সবকিছু নির্ভর করছে।”
সরকারও প্রয়োজনীয় সহযোগিতার কথা জানিয়ে এসেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “সরকার তার পরিবার ও চিকিৎসকদের অনুরোধ অনুযায়ী প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করছে।”
দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি জটিলতা, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ বহুমাত্রিক রোগে আক্রান্ত খালেদা জিয়া বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে আছেন। দেশে পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় দীর্ঘদিন ধরেই তাকে বিদেশে পাঠানোর দাবি জানিয়ে আসছে পরিবার ও বিএনপি নেতারা।
Leave a Reply