মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ পাবলিক পরীক্ষা ও নিয়োগ পরীক্ষায় অনিয়ম বন্ধে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে বরিশাল অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, অতীতে প্রশ্নপত্র ফাঁস ও বিক্রির মতো গুরুতর অভিযোগ উঠলেও অনেক ক্ষেত্রে দায়ীদের আইনের আওতায় আনা হয়নি। ফলে শিক্ষা ব্যবস্থায় আস্থার সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতি পরিবর্তনে পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ সংশোধনের প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়েছে এবং শিগগির জাতীয় সংসদে তা উত্থাপন করা হবে।
তিনি জানান, সংশোধিত আইনে ডিজিটাল নজরদারির মাধ্যমে নকল প্রতিরোধ করা হবে। পাশাপাশি পাবলিক পরীক্ষার সংজ্ঞা সম্প্রসারণ করে চাকরি, ব্যাংক ও অন্যান্য নিয়োগ পরীক্ষাকেও একই আইনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এতে পরীক্ষায় প্রতারণা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
শিক্ষামন্ত্রী বলেন, সরকারের অগ্রাধিকার তালিকায় শিক্ষা খাত অন্যতম গুরুত্বপূর্ণ। জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ নিশ্চিত করা গেলে দেশের শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তন আসবে।
তিনি আরও জানান, শিক্ষা খাতে ধস নামার পেছনের কারণ অনুসন্ধান করা হবে এবং বিগত সরকারের নেওয়া ২০০টির বেশি প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হবে। মন্ত্রণালয়ের প্রতিটি বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
Leave a Reply