ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মেহরপুরের গাংনীতে ছাত্রলীগের নতুন কমিটি গঠন নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত ৫ জন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে গাংনী হাসপাতাল বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলো- উপজেলা ছাত্রলীগ নেতা ফাহিম হোসেন (১৭), জেলা ছাত্রলীগ সদস্য সবুর হোসেন (১৭), গাংনী ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল ইসলামকে (২২) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, গাংনী উপজেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা নিয়ে বেশ কিছুদিন ধরে দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা চলে আসছিল। প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ নেতাকর্মী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি সোহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান ও জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুস সামাদ বাঁধন বিরোধের বিষয় খোঁজ নিতে গাংনীতে আসেন।
এ সময় ছাত্রলীগের ইমরান-হাসিব পক্ষের লোকজন সেন্টু-শিশির পক্ষের নেতাকর্মীদের ওপর চড়াও হয়। এতে দুপক্ষের মধ্যে মারামারি শুরু হলে অন্তত ৫ জন জখম হয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গাংনীতে ছাত্রলীগে কোনো বিরোধ নেই দাবি করে ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম বলেন, যারা মারামারি করেছে তারা পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটিয়েছে। গাংনী থানার পরিদর্শক তদন্ত সাজেদুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
Reporter Name 
















