ডেস্ক রিপোর্ট ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক বার্তায় তিনি জানান—তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা বা আপত্তি নেই।
তিনি লিখেন, সাংবাদিকরা তারেক রহমানের সকালে দেওয়া ফেসবুক পোস্টের প্রেক্ষিতে সরকারের অবস্থান জানতে চাইলে তিনি স্পষ্ট করে জানিয়েছেন—“এ ব্যাপারে সরকার কোনো সীমাবদ্ধতা আরোপ করেনি।”
প্রসঙ্গত, শনিবার সকালে তারেক রহমান নিজের ফেসবুকে লেখেন যে ব্যক্তিগত ইচ্ছা থাকা সত্ত্বেও দেশে ফেরার বিষয়টি তার একক সিদ্ধান্তের ওপর নির্ভরশীল নয়। তিনি জানান, সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা সবার মতো তারও রয়েছে, তবে পরিস্থিতি ও বাইরের সিদ্ধান্ত তার ফেরার বিষয়টি প্রভাবিত করে।
পোস্টে তিনি দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চালিয়ে যাওয়ার অনুরোধ করেন।
প্রেস সচিব শফিকুল আলম আরও লিখেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ইতিমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং সবাইকে তার সুস্থতা কামনায় দোয়া করতে বলেছেন।
Reporter Name 

















