অনলাইন ডেস্ক:
আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমেদ। এছাড়া নির্বাচনে ১০০ আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যাবহারের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের নিজ কার্যালয়ে তিনি এ কথা জানান।
হেলালুদ্দীন বলেন, ‘আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই। কারণ, নতুন বছরের শুরুতে শিক্ষার্থীদের স্কুল শুরু হয়ে যাবে। সে সময় নির্বাচন হলে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি হবে। তা ছাড়া ডিসেম্বরের শেষ দিকে শিক্ষার্থীদের ছুটি থাকে।’
এরইমধ্যে নির্বাচনের ৮০ শতাংশ প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের বিষয়ে ইসি সচিব বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার পরিকল্পনা আছে ইসির। সে লক্ষ্যে দেড় লাখ ইভিএম কেনার জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠিয়েছে ইসি। নির্বাচনের আগে আইন পাস, রাজনৈতিক দলগুলোর মতামতসহ সবকিছু ঠিক থাকলে সংসদ নির্বাচনের এক-তৃতীয়াংশ আসনে ইভিএম ব্যবহার করার মতো সক্ষমতা থাকবে ইসির।’
হেলালুদ্দীন বলেন, ‘তবে ইভিএম ব্যবহার করার আগে ভিত্তিস্বরূপ আইন দরকার। ৩০ আগস্ট কমিশন সভায় আরপিও সংশোধন-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে। তারপর সেটা ভেটিংয়ের (যাচাই-বাছাই) জন্য আইন মন্ত্রণালয়ে যাবে।’
হেলালুদ্দীন আহমদ জানান, আইন পাস হলে তার পরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবে কমিশন। এরপরই সিদ্ধান্ত নেয়া হবে, সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে কিনা।
এছাড়া জাতীয় সংসদ নির্বাচনের পরেই সারা দেশের সব উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে ইভিএম ব্যবহার করা হবে বলে জানান তিনি।
Reporter Name 

















