বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়া প্রক্রিয়া আপাতত অনিশ্চিত। জানা গেছে, তার হৃদ্যন্ত্রের সমস্যা জটিল এবং অন্যান্য রোগ যেমন ডায়াবেটিস, কিডনি, ফুসফুসের জটিলতা রয়েছে। বর্তমানে তাকে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চিকিৎসকরা বলেছেন, কিডনির কার্যক্ষমতায় স্থিতিশীলতা ছাড়া স্থায়ী উন্নতি আশা করা কঠিন। তাকে প্রতিদিন ডায়ালাইসিস দিতে হচ্ছে। এ কারণে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার উপযুক্ত অবস্থায় নেই।
কাতার আমিরের পক্ষ থেকে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা চলছিল, তবে এখন এটি স্থগিত। জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপকে ভাড়া করা হয়েছিল, বিমানবন্দর কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছিল। তবে উড্ডয়ন ও অবতরণের সূচিতে পরিবর্তন এসেছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান মেডিকেল বোর্ডের সঙ্গে যুক্ত থেকে প্রতিদিন খালেদা জিয়ার চিকিৎসার তদারকি করছেন। বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, চিকিৎসক দল দেশে ও বিদেশের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তার স্বাস্থ্যপর্যবেক্ষণ করছে।
চিকিৎসকেরা বলছেন, আগামী কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ, লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে হাসপাতালে নেওয়া হয়।
Leave a Reply