মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে। সম্ভাব্য এ তারিখ ধরে পাঁচ দিনের ছুটি আগেই নির্ধারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে এখন সেই ছুটি আরও বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বর্তমান সূচি অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি। পাশাপাশি ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পর ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা রয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, জনগণের সুবিধা ও যাতায়াত পরিস্থিতি বিবেচনায় ছুটি বাড়ানোর বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
জানা গেছে, এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হতে পারে। সেখানে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজন হলে অতিরিক্ত ছুটি অনুমোদন দেওয়া হতে পারে।
সরকারি সূত্রগুলো বলছে, ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দেওয়া এবং পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর সুযোগ বাড়াতে ছুটি সম্প্রসারণের প্রস্তাব এসেছে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ হওয়ায় সিদ্ধান্তের ক্ষেত্রেও কিছুটা সময় নেওয়া হচ্ছে।
সূত্র: প্রথম আলো।
Leave a Reply