শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশিসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ঈদের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে একটি মানবিক, উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন।
শুক্রবার (২০ মার্চ) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ঈদুল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবগুলোর একটি। রমজান মাসের এক মাসের সিয়াম সাধনা মানুষকে আত্মসংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়।
তিনি বলেন, এই সাধনার মাধ্যমে মানুষ অন্যের কষ্ট অনুভব করতে শেখে এবং সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব সৃষ্টি হয়। এই শিক্ষা ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত প্রতিফলিত হওয়া প্রয়োজন।
প্রধানমন্ত্রী আরও বলেন, ঈদ এমন একটি উপলক্ষ, যা ধনী-গরিব, ছোট-বড় সব ভেদাভেদ দূর করে সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে। এই দিনে সবাই একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয়, যা সামাজিক সম্প্রীতি জোরদার করে।
তিনি সমাজের সচ্ছল ও বিত্তবানদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, জাতীয় ঐক্য ও পারস্পরিক সম্প্রীতি জোরদারের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
প্রধানমন্ত্রী মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, যেন ঈদের আনন্দ ও বরকত সবার জীবনে ছড়িয়ে পড়ে এবং দেশ ও জাতি শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যায়।
Leave a Reply