শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি ॥ ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি ফেরা মানুষের ফিরতি যাত্রায় ঝালকাঠির রাজাপুর বাস টার্মিনাল এলাকায় বেড়েছে যাত্রীচাপ। কিন্তু এই বাড়তি চাপকে কেন্দ্র করে কয়েকটি পরিবহন সংস্থার বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে, যা নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
শনিবার সকাল থেকেই রাজাপুর বাইপাস এলাকার পরিবহন কাউন্টারগুলোতে যাত্রীদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীরা অভিযোগ করেন, নির্ধারিত ভাড়ার তুলনায় প্রতি টিকিটে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। যমুনা লাইন, ইসলাম পরিবহন, জে.বি পরিবহন, বরিশাল এক্সপ্রেস, বলেশ্বর ও ইমাদ পরিবহনসহ কয়েকটি বাস কাউন্টারে এ অনিয়ম চলছে বলে দাবি করেন তারা।
যাত্রীদের ভাষ্য, ঈদের সময় প্রশাসনিক তদারকি দুর্বল থাকায় পরিবহন মালিকরা সুযোগ নিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করেন। এতে নিম্ন ও মধ্যবিত্ত কর্মজীবী মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেক যাত্রী জানান, টিকিট সংকটের কারণে বাধ্য হয়ে বাড়তি ভাড়া দিয়েই যাত্রা করতে হচ্ছে।
এদিকে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঢাকাগামী বাসগুলো অনেক সময় যাত্রী ছাড়া ফিরতে হয়। ফলে জ্বালানি ব্যয়, সেতুর টোল ও পরিচালন খরচ বেড়ে যায়। এসব কারণ দেখিয়ে কিছু অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়টি স্বীকার করেন বাসের এক সুপারভাইজার।
তবে যাত্রীরা বলছেন, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি জরুরি। ঈদ মৌসুমে যাত্রীসেবা নিশ্চিত ও ভোগান্তি কমাতে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা।
Leave a Reply