শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বিরোধীদলীয় নেতারা আন্দোলন জোরদারের ঘোষণা দিয়েছেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, প্রয়োজন হলে সংসদ ও রাজপথ একসঙ্গে আন্দোলনে যুক্ত হবে।
শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, বিরোধীদল সংসদের ভেতরে রাজনৈতিকভাবে এবং রাজপথে আন্দোলনের মাধ্যমে জনগণের দাবিকে সামনে তুলে ধরছে।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, আল্লামা মামুনুল হককে রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে সংসদে প্রবেশ থেকে বিরত রাখা হয়েছে। তবে রাজপথে আন্দোলনের মাধ্যমে জনগণের দাবি আদায় অব্যাহত থাকবে বলে তিনি জানান। তিনি বলেন, দেশের মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট ও স্বাস্থ্যসংকটে ভুগলেও বিরোধীদল দায়িত্বশীল ভূমিকা পালন করেছে এবং সরকারকে সহযোগিতা করেছে।
সরকার বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয় নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। বিচারব্যবস্থা নিয়ন্ত্রণের প্রচেষ্টা এবং রাজনৈতিক প্রতিপক্ষ দমনের অভিযোগ তুলে তিনি বলেন, জনগণ কোনো ধরনের স্বৈরতন্ত্রকে প্রশ্রয় দেবে না।
তিনি সরকারকে সতর্ক করে বলেন, গণভোটের রায় প্রত্যাখ্যান করা হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। জনগণের রায় অগ্রাহ্য করা হলে অতীতের স্বৈরাচারীদের মতো পরিণতি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
গণসমাবেশে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অলি আহমদ, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এগারো দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
Leave a Reply