শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থা আধুনিকায়ন ও দরিদ্র জনগোষ্ঠীর সহায়তা সম্প্রসারণে বাংলাদেশকে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক। শুক্রবার (২৪ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‘সেকেন্ড স্ট্রেংথেনিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রোগ্রাম’-এর সাবপ্রোগ্রাম-২ বাস্তবায়নের মাধ্যমে দেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা, দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধি করা হবে। সরকারের সামাজিক সুরক্ষা খাতকে দীর্ঘমেয়াদে টেকসই কাঠামোয় রূপান্তর করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি হো ইউন জিয়ং জানান, এই কর্মসূচি দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল করে তুলবে। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে নারী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা বৃদ্ধির ওপর। অবদানভিত্তিক নতুন স্কিম চালুর ফলে ভবিষ্যতে রাষ্ট্রের আর্থিক চাপ কমবে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার হবে।
পরিকল্পনার অংশ হিসেবে নতুন সামাজিক সুরক্ষা স্কিম চালু করা হবে এবং বিধবা ভাতা কর্মসূচি সম্প্রসারণ করে অন্তত দুই লাখ পঞ্চাশ হাজার অতিরিক্ত নারীকে অন্তর্ভুক্ত করা হবে। এতে প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা বৃদ্ধি পাবে।
এছাড়া জলবায়ু সহনশীল কর্মসংস্থান কর্মসূচির মাধ্যমে কর্মভিত্তিক সামাজিক সুরক্ষা আরও জোরদার করা হবে। বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন ব্যবস্থার মাধ্যমে নারী উদ্যোক্তাদের আর্থিক সেবা গ্রহণের সুযোগ অন্তত ১৫ শতাংশ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
নীতিনির্ধারক ও অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এই সহায়তা ক্ষুদ্র পর্যায়ে উৎপাদনশীলতা বৃদ্ধি, নারীর কর্মসংস্থান সম্প্রসারণ এবং দারিদ্র্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশের অর্থনীতিতে ইতিবাচক গতি সৃষ্টি করে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথ সুদৃঢ় করবে।
Leave a Reply