শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ দেশজুড়ে আজ অনুষ্ঠিত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা। শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত ১৩৮টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছেন প্রায় ৪ লাখ ৫৩ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী। সারাদেশের ৮৮০টি কলেজে ভর্তির জন্য এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ৩৭৫টি সরকারি ও ৫০৫টি বেসরকারি কলেজ রয়েছে। মোট ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি আসনের বিপরীতে শিক্ষার্থীরা ভর্তি যুদ্ধে অংশ নিচ্ছেন।
সরকারি কলেজগুলোতে ২ লাখ ৭০ হাজার ৫২০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৯৪ হাজার ২২৯টি। অন্যদিকে বেসরকারি কলেজের ১ লাখ ৮২ হাজার ৩৫৫টি আসনের জন্য আবেদন করেছেন ৫৮ হাজার ১১৯ জন শিক্ষার্থী।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, যেসব শিক্ষার্থী প্রবেশপত্র ডাউনলোড করতে পারেননি তারা আবেদন ফরম, এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড এবং এসএমএসে পাওয়া রোল নম্বরসহ কেন্দ্রে উপস্থিত হতে পারবেন। তবে আবেদন নিশ্চিত না হলে কিংবা ছবির অমিল থাকলে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না।
পরীক্ষার্থীদের জন্য দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষাকেন্দ্রে নির্ধারিত আসনে বসেই পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষা শুরু হওয়ার অন্তত এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। মোবাইল ফোনসহ যেকোনো ইলেকট্রনিক যন্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার উত্তরপত্রে কোনো সাংকেতিক চিহ্ন বা মোবাইল নম্বর লেখা হলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। প্রধান পরিদর্শকের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।
এমসিকিউ পদ্ধতিতে এক ঘণ্টার পরীক্ষায় মোট ১০০ নম্বর থাকবে। বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে ২০ নম্বর করে এবং বিভাগভিত্তিক বিষয়ে ৪০ নম্বর নির্ধারণ করা হয়েছে। পাস নম্বর ৩৫।
চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত করা হবে ভর্তি পরীক্ষার নম্বরের সঙ্গে এসএসসি পরীক্ষার জিপিএর ৪০ শতাংশ এবং এইচএসসি পরীক্ষার জিপিএর ৬০ শতাংশ যোগ করে মোট ২০০ নম্বরের ভিত্তিতে।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের সব নির্দেশনা মেনে সুশৃঙ্খলভাবে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।
Leave a Reply