বরগুনা প্রতিনিধি॥ বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের প্রধান সাক্ষী ও নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির সঙ্গে কারাগারে দেখা করেছেন তার আইনজীবী। বুধবার (২৪ জুলাই) দুপুরে মিন্নির সঙ্গে দেখা করেন আইনজীবী মো. মাহবুবুল বারী আসলাম।
এ সময় তার সঙ্গে ছিলেন এ মামলার অপর আইনজীবী সাইফুর রহমান সোহাগ। বরগুনা জেলা কারাগারে মিন্নির সঙ্গে তারা ১০ মিনিটের মতো কথা বলেছেন বলে জানান আইনজীবী মাহবুবুল বারী আসলাম।
জেলা কারাগার থেকে বের হয়ে মাহবুবুল বারী আসলাম বলেন, মিন্নির খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাকে কিছু আইনি পরামর্শ দেওয়ার জন্য মিন্নির সঙ্গে দেখা করতে জেলা কারাগারে যাই।
মিন্নির উদ্ধৃতি দিয়ে আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, মিন্নির পুরো শরীরে ব্যথা আছে। মিন্নি রাতে ঘুমাতে পারে না। মানসিকভাবে বিপর্যস্ত সে।
মিন্নি রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে যে জবানবন্দি দিয়েছে তা পুলিশ শিখিয়ে দিয়েছে। সেই জবানবন্দি মিন্নি প্রত্যাহার করতে চাচ্ছে। তাই আমি মিন্নিকে এই স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদনের প্রক্রিয়া শিখিয়ে দিয়েছি।
মিন্নি জেলহাজতে থাকা অবস্থায় পড়াশোনা করতে চায় জানিয়ে আইনজীবী আরও বলেন, মিন্নির পড়াশোনার বিষয়ে আবেদন করা হলে জেলার আবেদন মঞ্জুর করবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২৬ জুন (বুধবার) প্রকাশ্যে দিবালোকে বরগুনা সরকারি কলেজের সামনে নয়ন বন্ড গ্রুপ ধারালো রামদা দিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। পরে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
Reporter Name 

















