শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ বিশ্বের পাসপোর্ট শক্তি মূল্যায়ন সূচকে বাংলাদেশের অবস্থান এবার দুই ধাপ পিছিয়েছে। নতুন তালিকায় বাংলাদেশ ৯৫তম স্থানে রয়েছে, যেখানে আগের র্যাংকিংয়ে অবস্থান ছিল ৯৩তম। হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সাম্প্রতিক বৈশ্বিক সূচকে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটির বিশ্লেষণ অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন ৩৬টি দেশে আগাম ভিসা ছাড়াই অথবা সহজ ভিসা ব্যবস্থায় ভ্রমণ করতে পারেন। এসব দেশের মধ্যে রয়েছে ক্যারিবীয় অঞ্চল, আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রের বেশ কয়েকটি দেশ। মালদ্বীপ, নেপাল, সেশেলস, শ্রীলঙ্কা ও কেনিয়ার মতো জনপ্রিয় গন্তব্যও এই তালিকায় অন্তর্ভুক্ত।
কিছু দেশে পৌঁছানোর পর অন-অ্যারাইভাল ভিসা নেওয়ার সুযোগ রয়েছে, আবার কিছু দেশে ই-ভিসা ব্যবস্থার মাধ্যমে সহজে ভ্রমণের অনুমতি পাওয়া যায়। ফলে আন্তর্জাতিক ভ্রমণে বাংলাদেশিদের জন্য সীমিত হলেও কিছু সুযোগ বজায় রয়েছে।
বৈশ্বিক সূচকে এবারও শীর্ষ অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। তৃতীয় স্থানে রয়েছে সুইডেন। চতুর্থ অবস্থানে রয়েছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন ও সুইজারল্যান্ড। পঞ্চম স্থানে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা ও পর্তুগাল এবং ষষ্ঠ স্থানে রয়েছে হাঙ্গেরি, মালয়েশিয়া, পোল্যান্ড ও যুক্তরাজ্য।
বিশেষজ্ঞদের মতে, পাসপোর্ট শক্তি একটি দেশের কূটনৈতিক গ্রহণযোগ্যতা, অর্থনৈতিক সক্ষমতা এবং বৈশ্বিক আস্থার প্রতিফলন হিসেবে বিবেচিত হয়।
Leave a Reply