মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অনিয়ম দূর করতে সমন্বিত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধান বাস্তবায়ন করা হবে।
মঙ্গলবার বিকেলে বরিশাল সিটি কর্পোরেশন মিলনায়তনে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রশাসক বিল্কিস আক্তার জাহান শিরীন, সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার, জেলা পরিষদের চেয়ারম্যান আকন কুদুসুর রহমানসহ শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী জানান, ১৯৯২ সালের আইনের অধীনে বিশ্ববিদ্যালয় ব্যবস্থা পরিচালিত হলেও ২০১০ ও ২০২৫ সালে আইন সংশোধন করা হয়। বর্তমান পরিস্থিতি বিবেচনায় নতুন সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আলোচনার ভিত্তিতে বাস্তবসম্মত সংস্কার আনা হবে।
তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে অনেক স্কুল-কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে, যেগুলো সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। এসব প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ করে শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নেওয়া হয়েছে। এখন একটি সমীক্ষার মাধ্যমে ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করা হবে।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শিক্ষামন্ত্রী সকালে বরিশাল সার্কিট হাউসে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং পরে শিল্পকলা একাডেমিতে পাবলিক পরীক্ষার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। সব বৈঠকের লক্ষ্য ছিল নকলমুক্ত পরীক্ষা আয়োজন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা।
Leave a Reply