ভোলা প্রতিনিধি॥ ভোলা সদর উপজেলায় জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের ইলিশ মাছ। শনিবার বিকেলে রাজা ইলিশটি বরিশালের মাছের আড়তে চার হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
উপজেলার কাচিয়া ইউনিয়নের মাঝের চর এলাকার ইউছুফ মাঝির জালে মাছটি ধরা পড়ে। এর আগে মাছটি তুলাতুলি মাছঘাটে নিয়ে গেলে সেখানের নাছির উদ্দীন নান্নু মিয়ার গদিতে ডাকে মাছটি তিন হাজার ২০০ টাকা দিয়ে কিনেন কামাল বেপারি।
তুলাতুলি মাছ ঘাটের আড়তদার রিপন হাওলাদার জানান, মেঘনা নদীতে কাচিয়া মাঝের চর এলাকার ইউছুফ মাঝির জালে দুই কেজি ১০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ধরা পড়ে। পরে মাছটি তুলাতুলি ঘাটে নিয়ে আসলে সেখানকার কামাল বেপারি মাছটি তিন হাজার ২০০ টাকায় কিনে বরিশাল পাঠায়। বরিশালে মাছটি চার হাজার টাকায় বিক্রি হয়।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম জানান, ইলিশের প্রজনন মৌসুমকে সামনে রেখে সাগর থেকে বড় আকারের ইলিশ মেঘনায় উঠে আসছে। এর কারণেই জেলেদের জালে বড় ইলিশ পাওয়া যাচ্ছে।
Reporter Name 

















