মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রজ্ঞাপনে বলা হয়, আগামীকাল বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিন রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ সময় দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে মরহুম নেত্রীর স্মরণে দোয়া ও শোকানুষ্ঠান আয়োজন করা হবে বলে জানা গেছে।
এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, ছুটির দিনে জরুরি পরিষেবা স্বাভাবিক থাকবে। হাসপাতাল, বিদ্যুৎ-পানি-গ্যাস সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিযোগাযোগ ও ডাক সেবা চালু থাকবে।
ব্যাংক ও আদালতের কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ ব্যাংক ও সুপ্রিম কোর্ট পৃথক নির্দেশনা প্রদান করবে।
প্রসঙ্গত, দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করেছেন।
দেশের রাজনৈতিক ইতিহাসে তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে এই শোক কর্মসূচি ঘোষণা করা হয়।
Leave a Reply