বাবুগঞ্জ প্রতিনিধি॥ অপ্রয়োজনে বাহিরে বের হওয়ার কারণে করোনা ভাইরাস সম্পর্কে দুই মিনিট বক্তৃতা দিতে হলো এক যুবককে। সেই সাথে করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে রেহাই পান তিনি। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে জেলার বাবুগঞ্জ সদরের বাজারে।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বর্তমান পরিস্থিতিতে ঘর থেকে সাধারণ মানুষকে অপ্রয়োজনে বাইরে বের হওয়া থেকে বিরত রাখা, নিজেদের অর্থায়নে ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা, জনসমাগমরোধ, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণসহ সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে জেলাজুড়ে পুলিশ কাজ করে যাচ্ছে।
তবে রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপারের নির্দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে মানবিকতা বজায় রেখে সহনশীল আচরণের মধ্যদিয়ে কাজ করছেন জেলার প্রতিটি থানার সদস্যরা। তারই ধারাবাহিকতায় প্রতিনিয়ত বাজার ও গুরুত্বপূর্ণ সড়কে অভিযান চালিয়ে আসছেন তারা।
সোমবার দুপুরে বিনাপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া এক যুবককে করোনা ভাইরাস সম্পর্কে দুই মিনিট বক্তৃতা দিয়ে পুলিশকে সার্বিক সহযোগিতা করার আশ্বাসে পুনরায় ঘরে ফিরতে দেওয়া হয়েছে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ বলেন, ঘর থেকে সাধারণ মানুষকে বিনাপ্রয়োজনে বের হওয়ারোধে প্রচারণার পাশাপাশি নানাভাবে আমরা কাজ করছি।
যেমন বাবুগঞ্জ বাজারে একজন মোটরসাইকেল আরোহীকে বাইরে আসার কারণ জিজ্ঞাসা করলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। তখন তাকে শাস্তি স্বরূপ উপস্থিত সবার উদ্দেশ্যে করোনা ভাইরাস সম্পর্কে দুই মিনিট বক্তৃতা দিতে বলা হয়। তিনি খুব সুন্দরভাবে করোনা ভাইরাসের উৎপত্তি, বিস্তার ও প্রতিরোধের উপায় বণর্না করেন এবং পুলিশকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
Reporter Name 












