মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি॥ বানারীপাড়ায় উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মেয়ের রক্তের ডোনার খুঁজতে গিয়ে নিজের মোবাইল ফোন হারিয়ে ফেলেন নাজমা বেগম নামে এক অসহায় নারী।তাকে সিমসহ একটি মোবাইল ফোন কিনে দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন থানার ওসি (তদন্ত) মো.জাফর আহম্মেদ। বুধবার দুপুরে তিনি বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা নাজমা বেগমের হাতে সিমসহ মোবাইল ফোনটি তুলে দেন।
এ ব্যাপারে অসহায় নাজমা বেগম জানান, এক সপ্তাহ আগে সিজারিয়ান অপারেশনে তার প্রসূতী মেয়ের একটি বাচ্চা হওয়ার পর মেয়ের রক্তের প্রয়োজন হলে চিকিৎসকরা তাকে জরুরিভিত্তিতে ডোনারদের সাথে যোগাযোগ করতে বলেন।
ওই নারী তার মেয়ের রক্তের জন্য নিজের মোবাইল দিয়ে ডোনারদের সাথে যোগাযোগ রাখেন। এসময় তার মোবাইল ফোনটি হারিয়ে গেলে তিনি অর্থাভাবে নতুন করে আর একটি মোবাইল ফোন কিনতে পারছিলেন না। ফলে অন্যের মোবাইল দিয়ে ডোনারদের সাথে যোগাযোগ রক্ষা করে আসছিলেন।
মোবাইল ফোনটি উদ্ধার করার জন্য বুধবার দুপুরে থানা পুলিশের সরনাপন্ন হন। এসময় সে বানারীপাড়া থানায় এসে ওসি (তদন্ত) মো.জাফর আহম্মেদের কাছে তার মোবাইল ফোনটি উদ্ধার করে দেয়ার অনুরোধ জানান।
পুলিশি নিয়ম অনুযায়ী তার হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করতে হলে যে সময়ের প্রয়োজন হবে তার সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে গেলে হাসপাতালে চিকিৎসাধীন মেয়ের রক্তের প্রয়োজনে ডোনারদের সাথে যোগাযোগ রক্ষাকরা অসম্ভব হয়ে পড়বে।
এসময় ওই পুলিশ অফিসার নাজমার স্বামী ও আত্মীয় স্বজনদের কথা জানতে চাইলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। তার অসহায়ত্বের কথা জানতে পেরে মানবিক কারণে ওই পুলিশ অফিসার তাকে সিম কার্ডসহ একটি মোবাইল ফোন কিনে দেয়ার পাশাপাশি তার হারিয়ে যাওয়া ফোনটিও উদ্ধার করে দেয়ার আশ্বাস দিয়েছেন।
এ ব্যাপারে ওসি (তদন্ত) মো.জাফর আহম্মেদ জানান, একজন অসহায় মানুষের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়ীত্বের মধ্যে পড়ে। এছাড়া তার মেয়ের রক্তের প্রয়োজন। এক্ষেত্রে ডোনারদের সাথে তার যোগাযোগ রক্ষা করতে হলে মোবাইল ফোনটি জরুরি প্রয়োজন।
Leave a Reply