এইচ.এম হেলাল : বরিশাল নগরীর পুরানপাড়ার মতাসার এলাকায় ১৬ হাজার টাকার মূল্যমানের জাল নোটসহ একজন কারবারীকে আটক করেছে স্থানীয়রা। শনিবার বিকালে আশ্রাফুল (৪৫) নামের এক ব্যক্তি ক্রেতা সেজে দোকানদারকে জাল নোট প্রদান করার চেষ্টা করছিলেন। স্থানীয়রা তাকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত এ তথ্য নিশ্চিত করেছেন।
আশ্রাফুল বরিশাল জেলার গৌরনদী উপজেলার শাহাজিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি ঢাকা থেকে ৩০ হাজার টাকার জাল নোট নিয়ে বরিশালে এসেছিলেন বলে জানায় স্থানীয়রা। আটক হওয়ার পূর্বে, আশ্রাফুল ১৪ হাজার টাকার জাল নোট দিয়ে বিভিন্ন দোকান থেকে পণ্য কিনে ফেলেন। পরে, ১৬ হাজার টাকার জাল নোটসহ তাকে আটক করা হয়।
ওসি নাজমুল নিশাত জানান, আশ্রাফুল প্রথমে মতাশা এলাকার একজন নারী দোকানদারের কাছে গিয়ে এক হাজার টাকার একটি জাল নোট দিয়ে পণ্য কিনতে চেষ্টা করেন। নোটটি দেখে দোকানদারের সন্দেহ হলে তিনি স্থানীয়দের জানিয়ে দেন। এরপর স্থানীয়রা জাল নোটের বিষয়টি নিশ্চিত হলে আশ্রাফুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
পুলিশ জানায়, আশ্রাফুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
Reporter Name 















