ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশের ব্যাংক খাতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। রোববার বাংলাদেশ ব্যাংকের বোর্ড রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বেসরকারি খাতের পাঁচটি ইসলামী ব্যাংক শিগগিরই একীভূত করা হবে।
গভর্নর জানান, এই একীভূত প্রক্রিয়া নির্বাচনকেন্দ্রিক নয়, এটি একটি ধারাবাহিক পদক্ষেপ। নির্বাচনের আগেই পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে নেওয়া হবে এবং ভবিষ্যতে পরবর্তী সরকারও এই প্রক্রিয়া অব্যাহত রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, “ব্যাংক একীভূত হলেও কোনো কর্মীর চাকরি যাবে না। বরং ব্যাংকের শাখাগুলো শহর থেকে গ্রামে স্থানান্তরের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি আরও বাড়ানো হবে।” এই উদ্যোগ দেশের গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতেও ভূমিকা রাখবে।
সংবাদ সম্মেলনে তিনি পাচার হওয়া অর্থ ফেরত আনার পরিকল্পনাও তুলে ধরেন। গভর্নরের মতে, এই অর্থ উদ্ধার করতে হলে দেশের ও আন্তর্জাতিক আইনি কাঠামোর যথাযথ ব্যবহার জরুরি। তিনি জানান, নথিপত্র প্রস্তুত করে আদালতে যাওয়াই হবে অর্থ উদ্ধারের প্রধান উপায়। তবে বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR) প্রক্রিয়ার মাধ্যমে আলোচনার ভিত্তিতেও সমাধান সম্ভব।
ড. আহসান এইচ মনসুর বলেন, দেশীয় সম্পদের জন্য দেশের আদালতে এবং বিদেশি সম্পদের জন্য সংশ্লিষ্ট দেশের আদালতে আইনি ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রস্তুতি নিচ্ছে এবং সরকারের নির্দেশনা পেলেই প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ শুধু ব্যাংক খাতের পুনর্গঠন নয়, বরং দেশের অর্থনৈতিক সুশাসন ও স্থিতিশীলতা নিশ্চিত করবে।
Reporter Name 















