ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠিতে বাকপ্রতিবন্ধী কিশোরীকে (১৭) ধর্ষণের মামলায় মিলন তালুকদার নামে (৩৫) এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মিলন সিকদার সদর উপজেলার রাজাপুরের পশ্চিম পুটিয়াখালী গ্রামের আজাহার সিকদারের ছেলে।
সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মো. তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন। মামলার অভিযুক্ত আসামি পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই আদালত এ রায় ঘোষণা করে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১৯ আগস্ট দুপুরে মিলন সিকদার প্রতিবেশী এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ঘরের ভেতর একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় ওই কিশোরীর বাবা পরদিন রাজাপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হানিফ একই বছরের ৩১ অক্টোবর আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘ শুনানিতে সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত এ রায় ঘোষণা করেন।রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত সহকারী কৌঁসুলি এম আলম খান কামাল।
Reporter Name 















