মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠি পৌরসভা ২০২৪–২০২৫ অর্থবছরের সাতটি খাল খনন প্রকল্পের কাজ সময়মতো শেষ না হওয়ায় আজমির বিল্ডার্স লিমিটেড-কে তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে শোকজ জারি করেছে। পৌরসভার সূত্রে জানা গেছে, ছয় খালের কাজ আংশিকভাবে শুরু হলেও শেষ হয়নি এবং একটি খাল শুরুও হয়নি। কোনো খালই হ্যান্ডওভার বা কমপ্লিশন সার্টিফিকেটসহ পৌরসভায় হস্তান্তর করা হয়নি।
পৌরসভা জানায়, ঠিকাদার প্রতিষ্ঠান মাত্র দুটি খালের আংশিক কাজ সম্পন্ন করেছে। বাকি খালগুলোর কাজ সম্পন্ন না হওয়ায় স্থানীয়রা অসন্তোষ প্রকাশ করেছে। খাল খনন শেষ না হওয়ায় জলাবদ্ধতার কারণে ডেঙ্গুসহ পানিবাহিত রোগের ঝুঁকিও বেড়েছে।
প্রকল্পটির মোট চুক্তিমূল্য ১ কোটি ৩৩ লাখ ১২ হাজার ৩৭৭ টাকা। ইতোমধ্যেই ৫২ লাখ ৭১ হাজার ১১ টাকা বিল পরিশোধ করা হয়েছে, তবে ঠিকাদার চূড়ান্ত বিলের জন্য আবেদন করেছে। নোটিশে বলা হয়েছে, বিল আদায়ের জন্য চাপ প্রয়োগ ও হুমকির অভিযোগও রয়েছে।
ঝালকাঠি পৌরসভার সহকারী প্রকৌশলী টি. এম. রেজাউল হক রিজভী জানান, “নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না দিলে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা অনুযায়ী তাদের জামানত বাজেয়াপ্ত এবং লাইসেন্স বাতিলের সুপারিশ করা হবে।”
ঠিকাদার প্রতিষ্ঠানের প্রোপাইটর মো. সরোয়ার হোসেন বলেন, “সময়সীমা শেষ হওয়ার পরও নোটিশ যৌক্তিক নয়। আমরা কাজ সম্পন্ন করেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।”
স্থানীয়রা দ্রুত কাজ শেষের দাবিতে জোর দিচ্ছেন, পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে অনিয়ম হলে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন।
Leave a Reply