শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে সারা দেশে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় তিনি ইন্তেকাল করেন।
হাদির মৃত্যুতে আজ শুক্রবার সারা দেশে বাদ জুমা বিশেষ দোয়া এবং কফিন মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য। সংগঠনটি এক বিবৃতিতে জানায়, শহীদ ওসমান বিন হাদি জুলাই আন্দোলনের প্রাণ। তার আত্মত্যাগ বৃথা যাবে না।
শোকবার্তায় আরও বলা হয়, “তার রক্তের প্রতিটি ফোঁটার বিচার এই দেশের মাটিতেই হবে।” একই সঙ্গে তারা দেশের বিপ্লবী জনগণকে ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানান।
জানা যায়, শরিফ ওসমান বিন হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। গত ১২ ডিসেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নেন।
ওই দিন মতিঝিলে জুমার নামাজ আদায় শেষে নির্বাচনী কার্যক্রম শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে রওনা হন। পথে দুপুর ২টা ২০ মিনিটের দিকে পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।
গুলিবিদ্ধ অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের পর অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হলেও বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুর কাছে হার মানেন।
হাদির মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক আন্দোলনকর্মী ও সাধারণ মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Leave a Reply