ডেস্ক রিপোর্ট ॥ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানিয়েছেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশের নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক এবং বর্তমানে কোনও ঝুঁকি নেই। রবিবার (১৬ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
নাসিমুল গনি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। পুলিশ বাহিনী বর্তমানে শক্ত অবস্থানে রয়েছে এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী যাত্রীদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাইসহ অন্যান্য অপরাধমূলক কার্যকলাপ রোধে আইনশৃঙ্খলা বাহিনী খুবই সক্রিয় এবং নিয়মিত টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এছাড়া শপিংমলগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতাদি পরিশোধ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে শ্রমিকদের মধ্যে কোনও অসন্তোষ সৃষ্টি না হয়।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (জনসংযোগ) ফয়সল হাসান জানান, সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) সভাপতিত্ব করেন। এছাড়া আইজিপি বাহারুল আলমসহ বিভিন্ন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অতীতের তুলনায় এবার নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ বাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।
Reporter Name 















