মঠবাড়িয়া প্রতিনিধি॥ পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, আম্পানে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দ্রুত মেরামত করা হবে। জরুরিভিত্তিতে বেড়িবাঁধ মেরামতের জন্য প্রাথমিকভাবে পাঁচ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
তিনি বলেন, এ বেড়িবাঁধের সংস্কার কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে। এছাড়াও ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ টেকসই করার জন্য ১০০ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হচ্ছে।
বুধবার দুপুরে উপকূলীয় পিরোজপুরের মঠবাড়িয়ায় বলেশ্বর নদ তীরবর্তী ভোলমারা, দক্ষিণ বড়মাছুয়া, খেজুরবাড়ীয়া স্টিমার ঘাটসহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার বেড়িবাঁধ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম অঞ্চল) হাবিবুর রহমান, পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী হারুন অর রশিদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফি উদ্দীন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপ-বিভাগীয় প্রকৌশলী শাহ আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস প্রমুখ।
Reporter Name 















