ভোলা প্রতিনিধি:ভোলার চরফ্যাশন উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে আশঙ্কা করছেন ব্যাবসায়ীরা।রোববার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে চরফ্যাশন বাজারের জনতা রোডের একটি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে চরফ্যাশন, লালমোহন ও শশীভূষন ফায়ার সার্ভিসসহ ৩টি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ফ্যাশন গার্মেন্টস, নিউ স্টার প্লাস, ফ্যাশন খেলাঘর, মঞ্জু ড্রাগ হাউজ, মাইশা ব্রিক্স অফিস, স্বপ্নিল গার্মেন্টস, ক্যামেলিয়া গার্মেন্টস, সাথি বস্ত্রালয়, ঝিনুক স্টুডিও, মডার্ন বুক হাউজ, মালিহা বুক ডিপো, প্যারাডাইস বুক কর্ণার, সরকার বুক ডিপো, রাকিব মটরস, সোহাগ স্টোর, সাজু ডিপার্টমেন্টাল ষ্টোর, নিপা কসমেটিক্সসহ প্রায় ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।
প্রতক্ষ্যদর্শীরা জানান, প্রথমে জনতা রোডের একটি গার্মেন্ট থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। সেখান থেকে আগুন চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে সদর রোডের পূর্ব পাশ হোটেল রাজ এর পর থেকে শুরু করে দক্ষিণে জনতা রোড পর্যন্ত ও জনতা রোডের পশ্চিম মাথা থেকে পূর্ব দিকে রূপালী ব্যাংক পর্যন্ত প্রায় ৩০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়।
স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, পর্যাপ্ত পানির উৎস না পাওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্মিদের হিমশিম খেতে হয়েছে। এ কারণেই এতোগুলো ব্যবসাপ্রতিষ্ঠান পুড়েছে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করে বলেন, আগুনে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
Reporter Name 

















