সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার পশ্চিম আউরা গ্রামের তালতলা খালে ভেরিবাঁধ নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। নির্মাণকাজ পুনরায় চালুর দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীর দাবি, সুলতান মোহাম্মদ নাসির উদ্দিনের নেতৃত্বে একদল ব্যক্তি হামলা চালিয়ে কর্মসূচি ভেঙে দেওয়ার চেষ্টা করে। তবে গ্রামবাসীর প্রতিরোধে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং হামলাকারীরা সরে যায়।
গ্রামবাসীরা জানান, ভেরিবাঁধ না থাকায় প্রতিবছর বর্ষা ও বন্যায় তালতলা খাল দিয়ে পানি ঢুকে বিস্তীর্ণ কৃষিজমি প্লাবিত হয়। এতে ফসল, মাছের ঘের, পানের বরজ এবং বসতবাড়ির ব্যাপক ক্ষতি হয়। শিক্ষা, চিকিৎসা ও দৈনন্দিন যাতায়াতেও সৃষ্টি হয় দুর্ভোগ।
দীর্ঘ আন্দোলনের পর সরকার খালের তীরে প্রায় দুই কিলোমিটার ভেরিবাঁধ নির্মাণ শুরু করলেও স্থানীয় এক ব্যক্তির বাধার কারণে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কাজ বন্ধ রাখে বলে অভিযোগ ওঠে।
এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন জানালেও কার্যকর ব্যবস্থা না পেয়ে মানববন্ধনের মাধ্যমে দাবি পুনর্ব্যক্ত করেন।
মানববন্ধনে বক্তারা দ্রুত নির্মাণকাজ শুরু করে গ্রামবাসীকে বন্যা ও জলাবদ্ধতার হাত থেকে রক্ষার দাবি জানান। বক্তব্য দেন আব্দুল মালেক তালুকদার, গোলাম রব্বানী মিলন, নাজমা আক্তার ও মাসুমা বেগম।
Leave a Reply