রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে হাম ও রুবেলার বিস্তার রোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। একই দিনে নগরের গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধনের মাধ্যমে নাগরিক সুবিধা ও জনস্বাস্থ্য উন্নয়নের দ্বৈত উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) সকালে বাকেরগঞ্জ উপজেলার দুধল এলাকায় টিকা কেন্দ্র উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের স্বাস্থ্য উপদেষ্টা ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, দেশে পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে অগ্রাধিকার দিয়ে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিশুদের সময়মতো টিকা গ্রহণ নিশ্চিত করতে তিনি অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান।
সকাল ১১টায় বরিশাল নগর মাতৃসদন হলরুমে নগর পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশন প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী।
তিনি জানান, হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বরিশালের কয়েকটি এলাকাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। দ্রুত শিশুদের টিকার আওতায় আনতে স্বাস্থ্য বিভাগ ও সিটি করপোরেশন সমন্বিতভাবে কাজ করছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, বিভাগে হামে চারজন এবং সন্দেহজনক হামে একজনের মৃত্যু হয়েছে। ছয় জেলায় মোট ৪৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ২৮১ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বর্তমানে সন্দেহজনক হামের রোগী ৬১২ জন।
৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য নগরীর ১৫টি স্থায়ী কেন্দ্রে টিকাদান চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি সহায়তায় কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে এবং সন্দেহজনক রোগীর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।
দুপুর সাড়ে ১২টায় কাউনিয়া প্রধান সড়ক ও অধ্যক্ষ ইউনুস খান সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। দীর্ঘদিন অবহেলিত এ সড়কের উন্নয়ন হলে কয়েকশ পরিবার ও শিক্ষার্থীদের চলাচল সহজ হবে বলে স্থানীয়রা জানান।
স্বাস্থ্য সুরক্ষা ও নগর অবকাঠামো উন্নয়নের এই যুগপৎ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এলাকাবাসী ও বিশেষজ্ঞরা।
Leave a Reply