শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ দেশে দারিদ্র্য বিমোচনে জাকাত ব্যবস্থাপনাকে কার্যকর ও সুশৃঙ্খল করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সম্ভাব্য পদক্ষেপ খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত জাকাত ব্যবস্থাপনা বিষয়ক এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৈঠকে আলোচনা হয়েছে কীভাবে একটি কার্যকর জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশের দারিদ্র্য কমানো সম্ভব। পাশাপাশি জাকাত বোর্ড পুনর্গঠনের বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই লক্ষ্যে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে। প্রস্তাবিত কমিটির নেতৃত্বে থাকবেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। কমিটিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর খতিব আল্লামা মুফতি আবদুল মালেক, আস সুন্নাহ ফাউন্ডেশন-এর চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এবং দেশের শীর্ষ স্থানীয় কয়েকজন ইসলামী অর্থনীতিবিদ ও আলেম-ওলামাদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
ডেপুটি প্রেস সেক্রেটারি জানান, পূর্ণাঙ্গ কমিটিতে কারা থাকবেন তা নির্ধারণ করে আগামী দশ দিনের মধ্যে নামের তালিকা প্রস্তাব করবে ধর্ম মন্ত্রণালয়। পরে কমিটি জাকাত ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং জাকাত বোর্ড পুনর্গঠনের বিষয়ে তাদের সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে জমা দেবে।
গত শনিবার (৭ মার্চ) আলেম-ওলামা ও এতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সঠিকভাবে জাকাত ব্যবস্থাপনা বাস্তবায়ন করা গেলে আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে দেশের দারিদ্র্য বিমোচনে তা উল্লেখযোগ্য অবদান রাখতে পারে।
সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই জাকাত ব্যবস্থাপনা নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সূত্র: বাসস
Leave a Reply