মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির সংগঠক শরিফ ওসমান হাদির জানাজা আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর দুইটায় অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে।
শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়। মরদেহ দেশে পৌঁছানোর পর সর্বস্তরের মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানানোর প্রস্তুতি নেন। রাষ্ট্রীয় শোকের দিনে তার জানাজা অনুষ্ঠিত হওয়ায় এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।
এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে অন্তর্বর্তী সরকারসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও সাধারণ মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। প্রতিবাদী রাজনীতির প্রতীক হিসেবে পরিচিত হাদির মৃত্যু দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।
Leave a Reply